মা সারদার ১৭৩তম জন্মতিথি! জয়রামবাটি মাতৃমন্দির ও বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে সঙ্ঘ জননীর জন্মজয়ন্তী

আজ, পৌষ মাসের কৃষ্ণাসপ্তমী তিথিতে শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩তম শুভ জন্মতিথি পালিত হচ্ছে। ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সঙ্ঘ জননী শ্রী শ্রী সারদাদেবী। এই পবিত্র তিথিতে রাজ্যজুড়ে, বিশেষত মায়ের জন্মস্থান জয়রামবাটি ও বেলুড় মঠে উৎসবের মেজাজ।
বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছে এই পবিত্র দিনটি। ভোর থেকেই জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজো, মঙ্গলারতি, স্তবগান ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মাতৃমন্দিরের মহারাজ, পূণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে শোভাযাত্রা সহকারে একটি প্রভাতফেরি জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের মাতৃমন্দিরে শেষ হয়। দিনভর বেদপাঠ, ভক্তিগীতি, মাতৃ সঙ্গীত এবং বিশেষ ভোগ নিবেদনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও, গতবছর থেকে স্থানীয় উদ্যোগে শুরু হওয়া ‘মা সারদা মেলা’-তেও ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পূণ্যার্থী জয়রামবাটি মাতৃমন্দিরে ভিড় করেছেন।
চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠের শ্রী শ্রী মা সারদার মন্দিরেও বিনম্র ভক্তি সহকারে এই উৎসব পালিত হচ্ছে। ভোর ৪টে ৪৫ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর স্তবগান, ভজন, পদাবলী কীর্তন, বিশেষ পূজা ও হোম চলছে। সকাল ১১টা থেকে শুরু হয়েছে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় ধর্মসভা ও সন্ধ্যারতির পর অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এছাড়াও, মায়ের শ্বশুরবাড়ি কামারপুকুরেও রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে উৎসব পালন করা হচ্ছে। মা সারদার এই জন্মতিথিতে ভক্তরা তাঁদের শ্রদ্ধা নিবেদন করছেন সেই মহীয়সী নারীকে, যাঁকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান।