চলন্ত গাড়ির উপর বিমান আছড়ে পড়ার হাড়হিম করা ভিডিও ভাইরাল! ফ্লোরিডায় বরাত জোরে বাঁচলেন চালক

এক ভয়াবহ ও অবিশ্বাস্য দুর্ঘটনা ঘটল আমেরিকার ফ্লোরিডায়। মাঝ আকাশে ইঞ্জিনে বিপত্তি দেখা দেওয়ায় একটি ছোট আকারের বিমান (Beechcraft 55) সটান চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ে। গত ৮ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট নাগাদ যখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে এবং রাস্তাঘাটে যথেষ্ট ভিড় ছিল, তখনই ফ্লোরিডার কোকোতে ৯৫ ইন্টারস্টেট হাইওয়েতে এই ঘটনা ঘটে।
যে গাড়িটির উপর বিমানটি এসে পড়ে, সেটি ছিল একটি ২০২৩ টয়োটা ক্যামরি। দুর্ঘটনার সময় বিমানটিতে এক পাইলট (২৭) এবং একজন যাত্রী সওয়ার ছিলেন। আকাশ থেকে আচমকাই নেমে এসে বিমানটি প্রথমে চলন্ত গাড়িটির ছাদে আঘাত করে। সেই অবস্থাতেই কিছু দূর ছুটে যাওয়ার পর বিমানটি ছাদ থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।
Florida shocker
Plane 🛩 crash-lands on a Toyota after engine trouble.
Looks straight out of a movie #planecrash #Florida #America #SEAGAMES202 pic.twitter.com/lwF4Y5VhmX
— Vishal (@VishalMalvi_) December 10, 2025
গাড়িটির ভয়ঙ্কর ক্ষতি হলেও, অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান গাড়ির চালক, ৫৭ বছর বয়সি এক মহিলা। তবে তিনি আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বিমানে সওয়ার পাইলট এবং যাত্রীও তেমন আঘাত পাননি। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, বিমানটি মাটি থেকে সামান্য উচ্চতায় ভেসে থাকার পরই বড় দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ঠিক পিছনে থাকা একটি গাড়িই পুরো দৃশ্য ক্যামেরাবন্দি করে, যা দেখে শিউরে উঠছেন সকলে। ভিডিওতে একজন চিৎকার করে বলেন, “হায়, হাইওয়েতে গাড়ির উপর বিমান ভেঙে পড়ল!” ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এই ঘটনার তদন্ত শুরু করেছে।