মা মাছের ঝোল রান্না করেননি, রাগের মাথায় মা-কে কুপিয়ে খুন করল ছেলে, শোরগোল ছত্তিশগড়ে

সামান্য মাছের ঝোল রান্না না করায় মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ছত্তিশগড়ের গরিয়াবান্দ জেলার জোগিডিপা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযুক্ত ছেলে খুনের পর মায়ের মৃতদেহের পাশেই বসে ছিল।
কী ঘটেছিল?
শুক্রবার রাতে অভিযুক্ত কমলেশ নন্দে বাজার থেকে মাছ কিনে বাড়িতে নিয়ে আসে। সে তার মা চন্দা বাইয়ের কাছে মাছের ঝোল রান্না করার আবদার জানায়। রাত বেশি হওয়ায় মা বলেন, পরের দিন সকালে রান্না করে দেবেন। এই নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়, এবং দুজনেই এরপর ঘুমিয়ে পড়েন।
শনিবার সকালে ঘুম থেকে উঠে কমলেশ দেখে, আগের রাতে আনা মাছে পিঁপড়ে ধরে গেছে। এই সামান্য বিষয় নিয়ে সে প্রচণ্ড রেগে যায় এবং ক্ষোভে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। অভিযোগ, রাগের মাথায় সে একটি কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তার মাকে। ঘটনাস্থলেই মারা যান চন্দা বাই।
গ্রেপ্তার ও তদন্ত
ঘটনার পর কমলেশ প্রায় দু’ঘণ্টা ধরে মায়ের মৃতদেহের পাশে বসে ছিল। প্রতিবেশীরা এই খবর পেয়ে পুলিশে জানায়। স্থানীয় ফিঙ্গেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কমলেশকে গ্রেপ্তার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গরিয়াবান্দের এসডিওপি নিশা সিং জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ হত্যার কাজে ব্যবহৃত রক্তাক্ত কুড়ুলটি জব্দ করেছে। এই ঘটনায় গ্রামের মানুষজন হতবাক। প্রতিবেশীরা অভিযুক্ত কমলেশকে ‘কলিযুগের ছেলে’ বলে ধিক্কার জানিয়েছে।