‘মা’ ডাকছে! ভূমিধসের পর ফের খুলল বৈষ্ণো দেবী মন্দির, জারি কঠোর নিয়মকানুন

২২ দিনের দীর্ঘ বিরতির পর অবশেষে জম্মু ও কাশ্মীরের কাটরা জেলার বৈষ্ণো দেবী মন্দিরের দর্শন যাত্রা পুনরায় শুরু হয়েছে। প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে এই যাত্রা স্থগিত রাখা হয়েছিল, যার ফলে ৩৪ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল।

প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। মঙ্গলবার রাতেই মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড (SMVDSB) টুইট করে জানায়, আবহাওয়া অনুকূল থাকলে বুধবার থেকে যাত্রা আবার শুরু হবে। এরপরই আজ ভোরে বানগঙ্গা দর্শনী গেটে ভক্তদের ভিড় উপচে পড়ে। অনেকে এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন।

পুণ্যার্থীদের জন্য নতুন নির্দেশিকা
SMVDSB কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে দুটি রুটেই যাত্রা শুরু হয়েছে। তবে ভক্তদের সুরক্ষার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে:

যাত্রার সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।

নির্ধারিত পথ অনুসরণ করতে হবে।

কর্তৃপক্ষের কর্মীদের সঙ্গে সহযোগিতা করতে হবে।

সচ্ছতা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের সুবিধার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড (RFID)-ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

বিপর্যয়ের পর যাত্রাপথকে এখন নিরাপদ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, আগামী দিনে ভক্তদের সংখ্যা আরও বাড়বে, বিশেষত ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলা নবরাত্রির সময়। তবে আবহাওয়া পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং ভক্তদের সুরক্ষায় সতর্কতা অব্যাহত থাকবে।

গত কয়েক দিনে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। মেঘভাঙা বৃষ্টির ফলে ডোডা জেলায় ভূমিধস হয়, যার জেরে বহু মানুষ নিখোঁজ এবং অনেকে মারা গেছেন। অনেক গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছিল। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।