মাস সাতেক আগেই বিরাট ঘোষণা! ‘৯৯.০০৯ শতাংশ আমিই ময়নার প্রার্থী,’ বিজয়া সম্মিলনীতে বোমা ফাটালেন বিজেপি বিধায়ক দিন্দা

বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে এখনও মাস সাতেক বাকি। কিন্তু তার আগেই প্রার্থী ঘোষণার খেলায় উত্তাপ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। কোনো রাজনৈতিক দলই এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ না করলেও, সেই প্রথা ভেঙে কার্যত নিজের নামই ঘোষণা করে দিলেন পূর্ব মেদিনীপুরের ময়না আসনের বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)।

বিজয়া সম্মিলনীর মঞ্চে ঘোষণা:

রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই বড় ঘোষণা করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিধায়ক অশোক দিন্দা। কর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ভারতীয় জনতা পার্টিতে কে কোথা থেকে দাঁড়াবে, তা বলা যায় না। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, ২০২৬ সালে অশোক দিন্দাই ময়নায় দাঁড়াবে। ৯৯.০০৯ শতাংশ আমিই দাঁড়াব।” তাঁর এই অপ্রত্যাশিত ঘোষণায় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং সভাস্থল হাততালিতে মুখর হয়ে ওঠে।

রাজনৈতিক মহলের মতে, কিছুদিন আগেই প্রয়াত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও সাঁইথিয়ায় নিজের দলের প্রার্থী লীলাবতি সাহার নাম ঘোষণা করেছিলেন। সেই ধারা অনুসরণ করেই যেন বিজেপির পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা করে দিলেন অশোক দিন্দা।

কেন নিজেকে ফের প্রার্থী দেখছেন দিন্দা?

নিজেদের প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণার কারণও ব্যাখ্যা করেছেন ময়নার ‘ঘরের ছেলে’ অশোক দিন্দা। তিনি জানান, “গত সাড়ে চার বছর ধরে আমি ময়না বিধানসভাতেই পড়ে আছি। সবসময় মানুষের কথা ভাবি।” তাঁর বক্তব্য, এলাকার মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং কাজের জোরেই তিনি আত্মবিশ্বাসী যে দল তাঁকে আবারও এই কেন্দ্র থেকে লড়ার সুযোগ দেবে।

ভোটার তালিকা নিয়েও বড় মন্তব্য:

প্রার্থী ঘোষণার পাশাপাশি ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া (Special Intensive Revision বা SIR) নিয়েও এদিন বড় মন্তব্য করেন এই বিজেপি বিধায়ক। তিনি বলেন, “বাংলায় SIR হবে। এবং ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষের নাম বাদ যাবে। SIR-এ ৮০ লক্ষ মানুষের নাম বাদ গেলে তৃণমূল দুমড়ে-মুচড়ে পড়বে।” তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেস বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দিন্দার এই ঘোষণা যে নির্বাচনের আগে ময়নার রাজনৈতিক পারদ অনেকটাই বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy