মালদায় রণক্ষেত্র বিডিও অফিস! ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মাঝরাত পর্যন্ত বিচারকদের ঘেরাও

মালদার কালিয়াচক-২ ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে চরম উত্তেজনা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে এসআইআর (SIR) প্রক্রিয়ার সাথে যুক্ত বিচার বিভাগের সাতজন আধিকারিককে বিডিও অফিসে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখার অভিযোগ উঠল একদল বিক্ষোভকারীর বিরুদ্ধে। এদের মধ্যে তিনজন মহিলা আধিকারিকও ছিলেন বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, বুধবার দুপুরে কালিয়াচক-২ বিডিও অফিসের সামনে জড়ো হন একদল মানুষ। তাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা প্রথমে বিচার বিভাগীয় আধিকারিকদের সাথে দেখা করার দাবি জানান। অনুমতি না মেলায় বিকেল ৪টে নাগাদ তাঁরা গোটা অফিস চত্বর ঘেরাও করেন। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, আধিকারিকরা অফিসের ভেতরেই আটকা পড়েন। শেষমেশ গভীর রাতে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর থেকে রাজ্য পুলিশের ডিজির কাছে দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ‘বিবেচনাধীন’ (under adjudication) হিসেবে ছিল, সেই নামগুলি যাচাইয়ের কাজ করছিলেন এই আধিকারিকরা। সেই দায়িত্ব পালন করতে গিয়েই বিক্ষোভের মুখে পড়তে হলো তাঁদের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy