শুভ পরিণয়ে রক্তারক্তি! প্রতিবেশীদের ‘মদের আবদার’ মেটাতে না পেরে প্রহৃত নবদম্পতি, লুঠপাটের অভিযোগ

বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। কারণটা কোনো পারিবারিক বিবাদ নয়, বরং অতিথিদের মদের আবদার। মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় এক বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন না করায় এবং মদের টাকা দিতে অস্বীকার করায় বর-কনে ও তাঁদের পরিবারের ওপর চড়াও হল একদল প্রতিবেশী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

নগর পুলিশ সুপার মনীশ যাদব জানিয়েছেন, মহেশ জাটভের বিয়েতে তাঁর কিছু প্রতিবেশী হঠাৎ মদের দাবি জানান। বর মহেশ সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলে বিবাদ চরমে ওঠে। মঙ্গলবার রাতে যখন নৈশভোজ চলছিল, তখন মনোজ, হরনাম, ভীম ও নবল কিশোর নামে চার ব্যক্তি বরের বাড়িতে ঢুকে তাণ্ডব শুরু করে। বরের মা শীলার অভিযোগ, কনে আসার পর যখন আচার-অনুষ্ঠান চলছিল, তখন ওই চারজন মদের জন্য টাকা চায়। টাকা না দিতেই শুরু হয় মারধর।

আক্রান্ত পরিবারের দাবি, অভিযুক্তরা কেবল বর-কনেকে মারধর করেই ক্ষান্ত হয়নি, তাঁরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেছে এবং টাকাও চুরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিয়ের অন্য অতিথিরাও আক্রান্ত হন। দুই পক্ষের হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয় বিয়ের মণ্ডপ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের ডাক্তারি পরীক্ষার পাশাপাশি উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।