রাজ্যে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেলেও ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন জটিলতা। শনিবার, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, সেখানেই কি শেষ? উত্তর হচ্ছে, না। কারণ, তালিকায় নাম থাকা সত্ত্বেও লাখ লাখ ভোটারের ভাগ্য ঝুলে থাকবে ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকার ওপর।
কারা দিতে পারবেন ভোট? শনিবারের তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ৭ কোটি ৮ লক্ষ। তবে নজরকাড়া বিষয় হলো, শুরুর ৭ কোটি ৬৬ লক্ষ তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ৫৮ লক্ষ মানুষ। তালিকার নামগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা থাকবে:
-
Approved: এঁরা নিশ্চিতভাবে ভোট দিতে পারবেন।
-
Delete: এঁদের নাম চূড়ান্তভাবে বাদ গিয়েছে।
-
Adjudication: এই তালিকায় থাকা ভোটারদের নথিপত্র এখনও জুডিশিয়াল অফিসাররা যাচাই করছেন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠলে তবেই এঁরা বুথমুখী হতে পারবেন।
কেন পিছোচ্ছে ভোটের নির্ঘণ্ট? ২০২১ সালে যেখানে ২৬ ফেব্রুয়ারিই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছিল, এবার ফেব্রুয়ারির শেষেও কমিশন নীরব। কারণগুলো হলো: ১. SIR প্রক্রিয়া: সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করতে মার্চের প্রথম সপ্তাহ গড়িয়ে যেতে পারে। ২. আবেদনের সুযোগ: তালিকা প্রকাশের পর ৫ দিন ডিইও (DEO) এবং পরবর্তী ৫ দিন সিইও (CEO)-র কাছে আপিল করার সুযোগ থাকবে। ৩. কমিশনের সফর: ১ মার্চের পূর্বনির্ধারিত সফর পিছিয়ে গিয়েছে। ফুল বেঞ্চের সফরের পরেই সাধারণত ভোট ঘোষণা হয়।
ভোট কবে এবং কত দফায়? কমিশন সূত্রে খবর, মে মাসের ৭ তারিখের মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে হাতে সময় খুব কম। অনুমান করা হচ্ছে, মার্চের তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে এবং ভোটগ্রহণ হতে পারে এপ্রিল মাসে। যেহেতু সময় কম এবং ৪৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে, তাই ২০২১-এর মতো ৮ দফায় নয়, এবার ৩ থেকে ৪ দফায় দ্রুত ভোট সেরে ফেলার সম্ভাবনা প্রবল।