মারণ অ্যামিবার থাবা! কেরলে আরও ৮০ জন সংক্রমিত, ২১ জনের মৃত্যু

কেরলে ক্রমশ ভয়ংকর রূপ নিচ্ছে মগজখেকো অ্যামিবা-র সংক্রমণ। এই বিরল ও মারণাত্মক রোগের কারণে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১-এ। গত এক সপ্তাহে নতুন করে প্রায় ৮০ জন এই অ্যামিবা সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা গেছে, যা স্বাস্থ্য দফতরের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, এই সংক্রমণ আসলে এক ধরনের এনসেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ)। তবে ঠিক কী কারণে এর প্রকোপ হঠাৎ করে এত বেড়ে গেল, তা এখনও পরিষ্কার নয়। মন্ত্রী বলেন, “এনসেফালাইটিসের কারণ এখনও জানা যায়নি। এর উৎস খুঁজে বের করতে রাজ্যের সমস্ত মাইক্রোবায়োলজি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে।” তিনি আরও জানান, ২০২৩ সালের পর থেকে অ্যামিবার সংক্রমণ কেন বাড়ছে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
এই রোগটি সাধারণত জলবাহিত হয় এবং সংক্রমিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই মারণ অ্যামিবার সংক্রমণকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হয়েছে এক গভীর আতঙ্ক। স্বাস্থ্য দফতর পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে, তবে সাধারণ মানুষের মধ্যে এই রোগ নিয়ে সচেতনতার অভাবও লক্ষণীয়।