এবার গুগলের বদলে ‘জোহো’! কী এই স্বদেশী ব্রাউজার, যা ব্যবহার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী?

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি ‘স্বদেশী’ পণ্য ব্যবহারের প্রচারে এক নতুন পদক্ষেপ নিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে তিনি Google-এর পরিবর্তে দেশীয় সংস্থা Zoho-এর ব্রাউজার এবং অন্যান্য অফিস স্যুট সফটওয়্যার ব্যবহার করবেন।

Zoho কর্পোরেশন ভারতের একটি মাল্টিন্যাশনাল প্রযুক্তি সংস্থা, যা ব্যবসায়িক সফটওয়্যার এবং ওয়েব-ভিত্তিক পরিষেবা তৈরি করে। সম্প্রতি তাদের তৈরি ‘উলা’ (Ulaa) নামে একটি ব্রাউজার ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আয়োজিত ‘ভারতীয় ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। এই ব্রাউজারটি গুগল ক্রোমের মতোই Chromium-এর উপর ভিত্তি করে তৈরি, তবে এতে ব্যক্তিগত গোপনীয়তা এবং ডেটা সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। Zoho ব্রাউজার ব্যবহারকারীদের তথ্যের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয় এবং এতে ট্র্যাকিং ও বিজ্ঞাপন ব্লক করার মতো শক্তিশালী ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত ও দ্রুত ইন্টারনেট অভিজ্ঞতা পাবেন।

কেন্দ্রীয় মন্ত্রীর এই সিদ্ধান্ত ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এর আগে, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক তাদের অভ্যন্তরীণ ইমেল পরিষেবা পরিচালনার জন্য Zoho-কে বেছে নিয়েছিল।