“মায়ের আশীর্বাদ নিয়েই প্রচারে নামব”—বিজেপি প্রার্থী ‘মা’-কে চ্যালেঞ্জ ছুঁড়ে আবেগপ্রবণ তৃণমূলের রঞ্জন!

রাজনীতির ময়দান অনেক লড়াই দেখেছে, কিন্তু জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এবার যা দেখতে চলেছে, তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রঞ্জন শীল শর্মা। সম্পর্কে তাঁরা ‘মা’ এবং ‘ছেলে’।

রঞ্জন শীল শর্মা ছোটবেলায় পিতৃহারা হওয়ার পর শিখা চট্টোপাধ্যায়ের হাত ধরেই বড় হয়েছেন। শিখাকেই তিনি ‘মা’ বলে ডাকেন, তাঁর হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি। একসময় দুজনেই তৃণমূল করলেও শিখা বর্তমানে বিজেপির দাপুটে বিধায়ক, আর রঞ্জন শীল শর্মা শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল কাউন্সিলর। গত নির্বাচনে শিখা চট্টোপাধ্যায় হারিয়েছিলেন হেভিওয়েট গৌতম দেবকে। এবার নিজের ‘পালিত পুত্র’ রঞ্জনকেই প্রতিপক্ষ হিসেবে পেলেন তিনি।

টিকিট পাওয়ার পরই আবেগপ্রবণ রঞ্জন জানিয়েছেন, “বৃহস্পতিবার মায়ের বাড়ি যাব, তাঁর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েই ভোটের লড়াইয়ে নামব।” জয়ের আশীর্বাদ কি মা দেবেন? নাকি রাজনীতির ময়দানে ব্যক্তিগত আবেগকে দূরে সরিয়ে রেখে চলবে কড়া টক্কর? শিলিগুড়ির অলিগলিতে এখন একটাই প্রশ্ন— ভোটবাক্সে শেষ হাসি কে হাসবেন? মা নাকি ছেলে?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy