মামাদের হাতাহাতি থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! প্রাণ গেল ২৩ বছরের ভাগ্নের

দুই মামার পুরোনো জমি বিবাদ এবং সামান্য বচসা মুহূর্তের মধ্যে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে পরিণত হলো। মাঝখানে পড়ে প্রাণ হারালেন নিরীহ ভাগ্নে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুর সোনিয়া মোড় এলাকায়। নিহত যুবকের নাম হীরেন কুণ্ডু, বয়স মাত্র ২৩ বছর।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মূল অভিযুক্ত মামা রাজা মণ্ডলকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মথুরাপুর সোনিয়া মোড় এলাকায় রাজা মণ্ডল ও জীবন মণ্ডল নামে দুই সৎ ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। রাজা মণ্ডল রাস্তার পাশে কিছু ইট ফেলেছিলেন। এই ইট ফেলাকে কেন্দ্র করেই দুই ভাইয়ের মধ্যে নতুন করে বিবাদ শুরু হয়, যদিও তাদের মধ্যে জমি-জায়গা নিয়ে পুরোনো বিবাদ ছিল।
মুহূর্তের মধ্যে এই বচসা হাতাহাতিতে পরিণত হয়। মারপিট হচ্ছে দেখে জীবনের ভাগ্নে হীরেন কুণ্ডু তড়িঘড়ি ঝামেলা থামাতে ছুটে যান। ঠিক সেই সময়েই অভিযুক্ত রাজা মণ্ডল হাঁসুয়া নিয়ে জীবন মণ্ডলের দিকে তেড়ে গিয়ে কোপ বসানোর চেষ্টা করেন।
মর্মান্তিক পরিণতি: মামাকে বাঁচাতে সামনে চলে আসেন হীরেন। আর তখনই রাজার হাঁসুয়ার কোপ এসে লাগে হীরেনের মাথায়। আঘাত এতটাই গুরুতর ছিল যে হাঁসুয়াটি তাঁর মাথার মধ্যেই আটকে যায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হীরেন।
তাঁকে দ্রুত প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।