মাধ্যমিকের প্রথম দিনেই চরম বিপত্তি! অ্যাডমিট ছাড়াই পরীক্ষাকেন্দ্রে ছাত্র, দেবদূতের মতো এল সিভিক ভলান্টিয়ার!

পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে হঠাৎ খেয়াল পড়ল ব্যাগে নেই অ্যাডমিট কার্ড! জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে দুর্গাপুরের ১৬ বছর বয়সী বিশ্বজিৎ কর্মকারের তখন মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। বছরটা কি তবে নষ্ট হয়ে যাবে? ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভূত হলেন এক সিভিক ভলান্টিয়ার। নিজের বাইকে চাপিয়ে ৪ কিলোমিটার রাস্তা ঝড়ের গতিতে পাড়ি দিয়ে বাড়ি থেকে অ্যাডমিট এনে পরীক্ষার্থীর মুখে হাসি ফোটালেন বুধন সূত্রধর।

সোমবার মাধ্যমিকের প্রথম দিনে ঘটনাটি ঘটেছে মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দিরে। কাঁকসার কুলডিহা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিশ্বজিৎ যখন কেন্দ্রে এসে ব্যাগ খুলে দেখে তার অ্যাডমিট নেই, তখন সে কান্নায় ভেঙে পড়ে। খবরটি কানে যায় মলানদিঘি ফাঁড়ির কর্মরত পুলিশ কর্মীদের। পরিস্থিতি বেগতিক দেখে কালক্ষেপ না করে সিভিক ভলান্টিয়ার বুধন সূত্রধর বিশ্বজিৎকে তাঁর বাইকের পিছনে বসিয়ে ছুটলেন ৪ কিলোমিটার দূরে তার বাড়িতে। সেখান থেকে অ্যাডমিট নিয়ে সময়ের মধ্যেই ফের কেন্দ্রে পৌঁছে দেন তাকে।

সিভিক ভলান্টিয়ারের এই তৎপরতায় মুগ্ধ অভিভাবক থেকে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষার্থী বিশ্বজিৎ কৃতজ্ঞতা জানিয়ে বলে, “স্যার না থাকলে হয়তো আজ আমার পরীক্ষাই দেওয়া হতো না। ওনাকে অনেক ধন্যবাদ।” কুলডিহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিতকুমার বন্দোপাধ্যায় বুধনবাবুর এই মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন।

রাজ্যে যখন সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে মাঝেমধ্যেই নানা প্রশ্ন ওঠে, সেখানে দাঁড়িয়ে বুধনের এই মানবিক ও দায়িত্বশীল পরিচয় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। উল্লেখ্য, এ বছর রাজ্যজুড়ে ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy