মাদকের আন্তর্জাতিক চক্রের পর্দা ফাঁস,’বিপুল পরিমাণ গাঁজা সহ ব্যাংককের ফ্লাইটের ২ মহিলাকে ধরল কাস্টমস

আন্তর্জাতিক মাদক চক্রের উপর বড়সড় আঘাত হেনে জয়পুর বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের গাঁজা (উচ্চ-ক্ষমতাসম্পন্ন হাইড্রোপোনিক উইড) সহ দুই মহিলা যাত্রীকে গ্রেফতার করল কাস্টমস বিভাগ। ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটে এই বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছিল।
ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা ব্যাংকক থেকে আসা ফ্লাইট (FD 130)-এর দুই মহিলা যাত্রীকে আটক করে। তাদের ট্রলিব্যাগ পরীক্ষা করার পর প্রায় ৬ কিলোগ্রাম হাইড্রোপোনিক উইড উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে এই মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
উচ্চ-ক্ষমতাসম্পন্ন এই গাঁজা (Tetrahydrocannabinol বা THC-এর মাত্রা ৩০-৪০%) দেশের বাইরে পাচার করার ছক ছিল বলে কাস্টমস সূত্রে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই মহিলাকেই গ্রেফতার করা হয় এবং এরপর এনডিপিএস (NDPS) আদালতের নির্দেশে তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। জয়পুর বিমানবন্দরকে মাদক পাচারের ‘নিরাপদ রুট’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে কি না, সে বিষয়ে কাস্টমস ও ডিআরআই-এর তদন্ত চলছে।