মাঠে বিতর্কিত অঙ্গভঙ্গি, রাজনৈতিক মন্তব্য! ভারত-পাকিস্তান ম্যাচ গড়াল ICC-র কোর্টে

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে রাজনৈতিক উত্তাপ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। এশিয়া কাপের খেলায় পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ ও ব্যাটার শাহিবজাদা ফারহান-এর আপত্তিকর অঙ্গভঙ্গি এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটার ও দর্শকরা। সেই রেশ ধরে এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিসিসিআই।
সূত্রের খবর, বুধবার (২৫ সেপ্টেম্বর) বিসিসিআই হারিস রউফ এবং শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে ইমেল করে অভিযোগ দায়ের করেছে। যদি এই দুই পাকিস্তানি ক্রিকেটার অভিযোগ অস্বীকার করেন, তাহলে তাঁদের শুনানির মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে আইসিসি-র এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসন তাঁদের জবাবদিহির জন্য ডেকে পাঠাতে পারেন।
অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানিয়েছে। যদিও ঠিক কী কারণে এই অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের জয়কে ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করে সূর্য যে মন্তব্য করেছিলেন, তাকে ‘রাজনৈতিক’ অ্যাখ্যা দিয়ে আপত্তি জানিয়েছে পিসিবি।
ঘটনার সূত্রপাত ২১ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের সময় থেকেই এই বিতর্কের সূত্রপাত। ম্যাচে হারিস রউফ হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান ‘রাফাল’ ধ্বংসের দাবি করেন। শুধু তাই নয়, ম্যাচের সময় ভারতীয় সমর্থকদের দিকে আঙুল দিয়ে ‘৬-০’ দেখান তিনি, যা ছিল একটি রাজনৈতিক ও অপমানজনক অঙ্গভঙ্গি। যদিও এই দাবি মিথ্যে এবং আন্তর্জাতিকভাবে প্রমাণিত।
রউফ ছাড়াও, পাকিস্তানি ব্যাটার শাহিবজাদা ফারহান হাফ সেঞ্চুরি করার পর ‘গান সেলিব্রেশন’ করেন, যা ভালোভাবে নেননি ভারতীয় দর্শকরা। তাঁদের দাবি, পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলায় বহু নিরপরাধ মানুষের প্রাণহানির পর এমন একটি অঙ্গভঙ্গি করা মোটেই শোভনীয় নয়। রউফের অঙ্গভঙ্গিও রাজনৈতিক এবং মিথ্যের উপর দাঁড়িয়ে, যা সমগ্র দেশের অপমান।
ভারতীয় দর্শকদের পক্ষ থেকে এই দুই পাকিস্তানি ক্রিকেটারকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। যদিও দুই বোর্ডের অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত আইসিসি-র পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি আসেনি।