মাঝরাতে চলল তাণ্ডব! ব্যান্ডেলে তৃণমূল কর্মীর গাড়ি ও বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, কাঠগড়ায় বিজেপি

ভোটের মুখে উত্তপ্ত হুগলির ব্যান্ডেল। গভীর রাতে এক তৃণমূল কর্মীর বাড়ি ও গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যান্ডেল নিউ মসজিদ এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মী প্রদীপ ঝাঁর অভিযোগ, বুধবার রাত দুটো নাগাদ যখন পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আচমকাই জানলার কাচ ভাঙার শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। উঠে দেখেন, জানলার বড় বড় কাচের টুকরো খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বাড়ির বাইরে রাখা তাঁর স্করপিও গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুজন যুবক এলাকায় ঘোরাঘুরি করছে এবং ঢিল ছুড়ে দ্রুত চম্পট দিচ্ছে। প্রদীপবাবুর দাবি, হামলাকারীরা এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত এবং সক্রিয় বিজেপি কর্মী। তাঁর কথায়, “চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার এতদিন শক্ত হাতে এলাকা সামলে রেখেছিলেন বলে ওরা নিষ্ক্রিয় ছিল। কিন্তু এবার তিনি প্রার্থী না হওয়ায় ফের মাথাচাড়া দিয়েছে দুষ্কৃতীরা।” চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে অভিযুক্তদের ছবি দেখিয়ে তিনি সরাসরি গেরুয়া শিবিরের বিরুদ্ধে পুলিশে নালিশ জানিয়েছেন। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এটি নিছকই পাড়ার ব্যক্তিগত বিবাদ, যাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।