মহিলা পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি, নিউ বারাকপুরে তুমুল উত্তেজনা

নিউ বারাকপুরের দক্ষিণ তালবান্দা এলাকায় রবিবার রাতে এক মহিলা পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত সদস্যার অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত প্রণব বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, স্থানীয় একটি কালী মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। রবিবার রাতে রাহুল মণ্ডল নামের এক যুবককে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, সেই সময়েই রাহুল ফোনে তাঁর কয়েকজন সঙ্গীকে ডেকে আনেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। সেই মুহূর্তে হঠাৎ করেই প্রণব বিশ্বাস নামের এক যুবক ওই মহিলা পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত প্রণব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই নিউ বারাকপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রণব এর আগে গাঁজা মামলায় দু’বছর জেলে ছিল। গত মে মাসেই সে জেল থেকে ছাড়া পায়। এইবার তার কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে পঞ্চায়েত সদস্যরা একটি মিছিল করেন। উল্লেখ্য, রবিবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে লাটবাগানেও গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিউ বারাকপুরে আবারও গুলি চলল, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।