“মহিলার সঙ্গে গল্প করছিলাম, তাতে কী?” সুকান্ত মজুমদারের কটাক্ষের পাল্টা জবাব সৌগত রায়ের

দিল্লির সংসদ ভবনে যখন বাজেট অধিবেশন ঘিরে তপ্ত বাতাবরণ, ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল এক অন্য ছবি। একদিকে আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ বক্তব্য রাখছেন, আর ঠিক তাঁর পিছনের আসনেই হাসাহাসি ও গল্পে মত্ত তৃণমূলের দুই সাংসদ— সৌগত রায় এবং জুন মালিয়া। প্রবীণ নেতার সঙ্গে অভিনেত্রীর এই ‘খুনসুটি’র ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। শুরু হয়েছে মিম আর জোর চর্চা।

অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন সৌগত রায় নিজেই। তাঁর সাফ কথা, “সংসদে ৫০০-র বেশি সদস্য থাকেন। একজন কথা বললে বাকি ২০০ জন নিজেদের মধ্যে গল্পই করেন। মন্ত্রীরাও নিজেদের মধ্যে কথা বলেন। আমি তো নিজের দলের সহকর্মীর সঙ্গেই কথা বলছিলাম।” কী কথা হচ্ছিল? এই প্রশ্নে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রহস্য জিইয়ে রেখে তিনি বলেন, “কী বলছিলাম সেটা কি কেউ লোককে বলে? তবে কোনও অনুচিত কাজ বা চেঁচামেচি করিনি।”

বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা করতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “গল্প করার জন্য তো ক্যান্টিন আছে, সংসদ নয়।” পাল্টা জবাবে সৌগত রায় বলেন, “গসিপ না করে নিজের কাজ করুন। বক্তার কথায় আগ্রহ ছিল না বলেই হয়তো কথা বলছিলাম।” বিতর্ক তুঙ্গে থাকলেও জুন মালিয়া এই নিয়ে টু শব্দটিও করেননি। তবে সৌগত রায়ের ব্যাখ্যা যাই হোক না কেন, নেটদুনিয়ায় এই ‘গল্প-গাছা’ এখন টক অফ দ্য টাউন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy