খাস কলকাতায় বেআইনি ‘টেলিকম গেটওয়ে’! সিবিআই সেজে ৩ কোটি টাকা লোপাটের পর্দাফাঁস

কলকাতা পুলিশের অভিযানে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় হদিশ মিলল এক বিশাল বেআইনি টেলিকম গেটওয়ের। আন্তর্জাতিক ফোন কলকে স্থানীয় কলে রূপান্তরিত করে প্রতারণার জাল বিছিয়েছিল এক আন্তর্জাতিক চক্র। সম্প্রতি সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠতেই তদন্তে নামে পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই হদিশ মেলে এই গোপন কন্ট্রোল রুমের।

অভিযানে পুলিশ একটি বাড়ি থেকে অত্যাধুনিক সিমবক্স, ল্যাপটপ, রাউটার এবং ১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়াও উদ্ধার হয়েছে ২২৫০টি সক্রিয় সিম কার্ড। এই ঘটনায় মহম্মদ আমজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। চক্রের অন্যতম পাণ্ডা আবীর শেখকে আগেই গ্রেফতার করেছিল বিধাননগর কমিশনারেট। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—এই চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশে। মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করে বিদেশ থেকে কল রাইটিংয়ের কাজ চালানো হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি মাথাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজার।