দেশের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবার পঞ্জাব সরকার এক বিশেষ উদ্যোগ নিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, পঞ্জাবে চালু হলো ‘মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান সৎকার যোজনা’। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে আর্থিক অনুদান পাবেন। সাধারণ পরিবারের মহিলারা মাসিক ১,০০০ টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা মাসিক ১,৫০০ টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।
এই প্রকল্পে আবেদনের প্রধান শর্ত হলো, আবেদনকারী মহিলার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। তবে সরকারি এই সুবিধার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমান বা প্রাক্তন সরকারি কর্মচারী, সাংসদ, বিধায়ক বা আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও, যারা ইতিমধ্যেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী পেনশনের মতো অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই নতুন প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
উল্লেখ্য, বাংলায় যেমন ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ বা ‘যুবসাথী’-র মতো প্রকল্পের মাধ্যমে মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়, পঞ্জাব সরকারও ঠিক সেই ধাঁচেই তাদের রাজ্যের মহিলাদের জন্য এই নতুন স্কিমটি বাস্তবায়ন করছে। এর ফলে পঞ্জাবের হাজার হাজার মহিলা এখন প্রতি মাসে নিশ্চিত আর্থিক সুবিধা পাবেন।