মহিপালপুরে ‘বিস্ফোরণ’-এর গুজব, আসলে ডিটিসি বাসের টায়ার ফাটা: নজরে ৬ ডিসেম্বরের হামলার পরিকল্পনা

লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জেরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারির মধ্যেই, বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুর এলাকায় র্যাডিসন হোটেলের (Radisson Hotel) কাছে ফের একটি বিকট শব্দ ঘিরে চরম আতঙ্ক ছড়ায়। সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ জোরালো শব্দে এলাকা কেঁপে উঠলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন। তবে তদন্তের পর পুলিশ জানায়, এলাকায় কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। একটি ডিটিসি বাসের টায়ার ফেটে বিকট আওয়াজ হয়, যা স্থানীয়রা বিস্ফোরণ ভেবে ভুল করেছেন। ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে প্রতিটি মোড় ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাবরি ধ্বংসের প্রতিশোধে ৬ ডিসেম্বর ৬টি হামলার ছক?
এদিকে, লালকেল্লা বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে, ততই হাড়হিম করা তথ্য সামনে আসছে। তদন্তকারীরা নিশ্চিত যে, এই হামলার পিছনে রয়েছে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (JeM) হাত।
তদন্তকারী সূত্রে জানা গেছে, ধৃত ডাক্তারদের মডিউলটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতে বড় হামলার পরিকল্পনা করছিল। তাদের তৈরি করা ব্লু প্রিন্ট অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর দিল্লি-এনসিআর (Delhi-NCR) অঞ্চলে ৬টি স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর ছক ছিল। জইশ-ই-মহম্মদ দীর্ঘদিন ধরে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে এবং এই হামলার মাধ্যমে তারা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করছিল বলেও তদন্তকারীদের অনুমান। এই মডিউলের সদস্যদের মধ্যে বিস্ফোরক বিতরণের পর ৬ ডিসেম্বর চূড়ান্ত হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে জানা গেছে।