মহালয়ার দিনই গান গাইতে আসছি’, ১৯ বছর পর কলকাতায় ফিরছেন আরতি মুখোপাধ্যায়

দীর্ঘ ১৯ বছর পর মহালয়ার অনুষ্ঠানে শহরে ফিরছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের উদ্যোগে আগামী ২১ সেপ্টেম্বর মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান ‘জাগো দুর্গা’।
এই অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়ের পাশাপাশি একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কবীর সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত এবং সৈকত মিত্র-এর মতো বরেণ্য শিল্পীরা। এছাড়াও থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু ও মৌনীতা চট্টোপাধ্যায়।
ফের শহরে ফিরছেন আরতি মুখোপাধ্যায়
দীর্ঘদিন শহরের বাইরে থাকলেও এই অনুষ্ঠানের মাধ্যমে আরতি মুখোপাধ্যায় তার অনুরাগীদের কাছে ফিরছেন। তিনি বলেন, “এই শহর আমার প্রাণের শহর, গানের শহর। মহালয়ার দিনে গান গাইতে আসছি ভেবে সত্যি খুব ভালো লাগছে।” তার এই ফিরে আসায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
একই মঞ্চে কবীর সুমন
এই অনুষ্ঠানে কবীর সুমনের উপস্থিতিও বিশেষ আকর্ষণ। অসুস্থতার কারণে আজকাল তিনি খুব বেশি অনুষ্ঠানে গান গান না। কবীর সুমন জানিয়েছেন, “এদিন আমরা বাংলা আধুনিক গান গাইব। আমি আমার তৈরি বাংলা গান গাইব।”