মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক স্পর্শ করল নাসা (NASA)। বৃহস্পতিবার ভোরে চার মহাকাশচারীকে নিয়ে সফলভাবে পাড়ি দিয়েছিল আর্টেমিস ২ (Artemis II)। অভিযানের একদিন পরই অরিওন স্পেসক্রাফ্ট থেকে তোলা পৃথিবীর দুটি অসাধারণ ছবি প্রকাশ করেছে নাসা। প্রায় অর্ধ শতাব্দী পর চাঁদের কাছাকাছি কোনো মহাকাশযান থেকে পৃথিবীর এমন দৃশ্য ক্যামেরাবন্দি হলো।
কী রয়েছে সেই ছবিতে? ফ্লাইট কমান্ডার রেড উইশম্যানের তোলা প্রথম ছবিতে নীল গ্রহের একটি অংশ দেখা যাচ্ছে। তবে দ্বিতীয় ছবিটি একেবারেই অনন্য; সেখানে সাদা মেঘের আবরণে ঢাকা মহাসাগরসহ সমগ্র বিশ্বকে দেখা যাচ্ছে। নাসার এক্সপ্লোরেশন সিস্টেম লিডার লাকিয়েশা হকিংস আবেগপ্রবণ হয়ে বলেন, “এই ছবিতে ওই চার নভশ্চর বাদে পৃথিবীর প্রতিটি মানুষ উপস্থিত রয়েছেন।”
অভিযানের গতিপ্রকৃতি: শুক্রবার বিকেল পর্যন্ত অরিওন মহাকাশযানটি ১ লাখ ১০ হাজার মাইল পথ অতিক্রম করেছে। সোমবারের মধ্যে মহাকাশচারীরা তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে। এই মিশনের মূল লক্ষ্য হলো চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পথ নিশ্চিত করা। নাসার শেয়ার করা একটি গ্রাফিক্স ভিডিওতে দেখা গেছে, অরিওন প্রথমে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং এরপর চাঁদের পাশ দিয়ে ঘুরে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসবে।





