‘মমতা বাংলার প্রতিনিধিত্ব করেন না, তিনি একটি কোম্পানি!’ সাঁইথিয়ার সভা থেকে নো ভোট টু মমতার ডাক শুভেন্দু অধিকারীর

“পরিবর্তনের ঝড়কে ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে।” এই আহ্বান জানিয়ে মঙ্গলবার সাঁইথিয়ায় ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-র নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতি, মাফিয়ারাজ, বেকারত্ব, নারী নির্যাতন, তোষণ এবং ‘হিন্দুদের ধর্মাচরণে বাধা’ দেওয়ার মতো একাধিক ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, এসআইআর (Special Summary Revision) প্রক্রিয়াকে ভণ্ডুল করা এবং ভোট লুট করার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সংকল্পবদ্ধ হচ্ছেন। তিনি বলেন, “এই সংকল্প যাত্রাতে তাঁরা আগামী এপ্রিল মাসের মধ্যে যে নির্বাচন হবে, সংকল্পবদ্ধভাবে, ‘নো ভোট টু মমতা’ করবে এবং ভারতীয় জনতা পার্টিকে আনবে।”
‘বাংলার প্রতিনিধি কে?’ মমতাকে কটাক্ষ
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলাকে আঘাত করো না’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, “বাংলার উনি কে? উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী। এটা একটা কোম্পানি। উনি বাংলাকে প্রতিনিধিত্ব করেন না।”
শুভেন্দু অধিকারী বাংলার প্রকৃত প্রতিনিধি হিসেবে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেন। তিনি আরও বলেন, বাংলাকে সৃষ্টি করেছেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দ। আদর্শ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ডাক্টার বিধান চন্দ্র রায়ের নাম উল্লেখ করেন। তাঁর কথায়, “যিনি নিজে নন্দীগ্রামে হারেন, তিনি বাংলার প্রতিনিধি হতে পারেন না।”
‘SIR-র নামে NRC’-র অভিযোগ মিথ্যা
মুখ্যমন্ত্রীর ‘SIR-এর নামে NRC করা হচ্ছে’ মন্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “ওনার এটা মিথ্যে কথা। মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন।”
তবে এইবারে তিনি খুশির খবর দিয়েছেন বলে জানান, “আমি মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি। মুসলিমরা মমতার মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। উনি কিন্তু এই মিথ্যাচার করে মুসলিমদেরকে ক্ষেপিয়ে, রাস্তায় নামিয়ে, অনেক জায়গায় হিংসাত্মক কার্জকর্ম হয়েছিল। ট্রেন বাস পুড়িয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাবাদী, এটা শুধু হিন্দুরা নন, মুসলিমরাও জেনে গিয়েছে।”
শুভেন্দু স্পষ্ট করেন, “বাংলা দখল বিজেপি করতে চায় না। বাংলায় বিজেপি জিততে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। টাটাকে ফিরিয়ে আনতে চায়… হাতে কাজ দিতে চায়। পেটে ভাত দিতে চায়। মাথায় ছাদ দিতে চায়।”