২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলার ৫টি ‘হাই-ভোল্টেজ’ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কঠিন চ্যালেঞ্জের মুখে অভিজ্ঞ ও স্থানীয় নেতৃত্বের ওপর ভরসা রেখেছেন।
১) শিলিগুড়ি: বিজেপির শঙ্কর ঘোষের জনপ্রিয়তার মুখে এবার তৃণমূলের বাজি মন্ত্রী গৌতম দেব। গতবার নিজের কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়িতে হারলেও, এবার শিলিগুড়ির ৫০ হাজারি লিড কাটানো গৌতমের কাছে এক প্রকার ‘মিশন ইমপসিবল’।
২) নন্দীগ্রাম: খোদ দলনেত্রী যা পারেননি, সেই অসাধ্য সাধনের ভার পড়েছে পবিত্র করের কাঁধে। শুভেন্দু অধিকারীর গড়ে অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্য চূর্ণ করাই এখন পবিত্রর একমাত্র লক্ষ্য।
৩) আসানসোল দক্ষিণ: অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী স্থানীয় মুখ সিদান মণ্ডল। সায়নী ঘোষের হারের ক্ষত ভরাট করতে এবং বিজেপির লিড রুখতে বাম ভোটের মেরুকরণ এখানে নির্ণায়ক হতে পারে।
৪) খড়গপুর সদর: ‘অপরাজিত’ দিলীপ ঘোষের মিথ ভাঙতে ময়দানে প্রদীপ সরকার। উপনির্বাচনের জয়ের স্মৃতি সম্বল করে হিরণ চট্টোপাধ্যায়ের বাড়ানো লিড কমানোই এখন প্রদীপের চ্যালেঞ্জ।
৫) ভাটপাড়া: অর্জুন সিংয়ের খাসতালুকে লড়াই এবার আরও কঠিন। অর্জুন-পুত্র পবন সিংয়ের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন স্থানীয় নেতা অমিত গুপ্তা। ভাটপাড়ার ২৫ বছরের একাধিপত্য কি এবার টলবে? নজর থাকবে বাংলার।