পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাই-ভোল্টেজ সভার রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক পটপরিবর্তন। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বিজেপিতে যোগ দিলেন বেগুনকোদরের অত্যন্ত জনপ্রিয় প্রাক্তন শিক্ষক অশীষ কর্মকার। এলাকায় ‘স্যার’ হিসেবে পরিচিত এই শিক্ষাবিদের যোগদানে জঙ্গলমহলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর অশীষবাবু সমাজসেবায় ব্রতী ছিলেন। বিজেপির পতাকা হাতে নিয়ে তিনি সাফ জানান, তৃণমূল জমানায় চলা দুর্নীতি ও স্বজনপোষণ তাঁকে ব্যথিত করেছে। তাঁর কথায়, “দেশের উন্নয়ন ও স্বচ্ছ শাসনের জন্য বিজেপির জাতীয়তাবাদী আদর্শই সঠিক পথ।” বিজেপি নেতৃত্বের দাবি, অশীষবাবুর মতো শিক্ষিত ও সজ্জন ব্যক্তির আগমনে পিছিয়ে পড়া বেগুনকোদর অঞ্চলে দলের নৈতিক শক্তি বহুগুণ বেড়ে গেল।