রাজ্যের রাজনৈতিক মানচিত্রে আজ এক ঐতিহাসিক পটপরিবর্তন। বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ঘাসফুল শিবিরকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেরুয়া ঝড়ের দাপট প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই জয়ের আবহের মধ্যেই খোদ খাস কলকাতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে ছড়াল তীব্র উত্তেজনা। পরাজিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম মনোনয়ন প্রস্তাবক এবং কাউন্টিং এজেন্ট বাবলু সিংয়ের বাড়িতে হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে কালীঘাট থানা এলাকার শাখারি পাড়ার একটি আবাসনে, যেখানে বাবলু সিং সপরিবারে বসবাস করেন। অভিযোগ অনুযায়ী, রাত ১টা থেকে ১:৩০টা নাগাদ একদল সশস্ত্র দুষ্কৃতী ওই আবাসনে ঢুকে পড়ে তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাবলু সিংয়ের ব্যক্তিগত স্কুটিটি রাস্তা টেনে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। দাউদাউ করে জ্বলতে থাকা স্কুটির আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
এখানেই শেষ নয়, বাবলু সিংয়ের ফ্ল্যাটটি ওই আবাসনের তিন তলায়। অভিযোগ, দুষ্কৃতীরা সিঁড়ি দিয়ে উপরে উঠে তাঁর ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা দিতে থাকে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আবাসনের সামনে থাকা তৃণমূল কংগ্রেসের যাবতীয় পোস্টার ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাবলু সিং ও তাঁর পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীঘাট থানার পুলিশ।
উল্লেখ্য, এবারের নির্বাচন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চরম অগ্নিপরীক্ষা। নন্দীগ্রামে হারের স্মৃতি কাটিয়ে নিজের ‘বড়বোন’ অর্থাৎ ভবানীপুরে ফিরেছিলেন তিনি। কিন্তু ফল ঘোষণার পর দেখা গেল, নিজের ঘরেই আর ঠাঁই পেলেন না তৃণমূল নেত্রী। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১১৪ ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর আগে নন্দীগ্রামে যে শুভেন্দুর কাছে তিনি হেরেছিলেন, এবার নিজের খাসতালুকেও সেই একই প্রতিপক্ষের কাছে পরাস্ত হতে হল তাঁকে। বাংলায় তৃণমূল সরকারের বিদায় এবং বিজেপি শাসনের সূর্যোদয় হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে, যার মধ্যে কালীঘাটের এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে।





