উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম চৌমাথায় জাতীয় সড়কের উপর দুটি বাসের কর্মীদের মধ্যে রেষারেষি ও বচসাকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। ফিরতি পথে যাত্রীরা বাসের অপেক্ষায় থাকার সময়ই এই ঘটনায় বৃদ্ধ কন্ডাক্টর গুরুতর আহত হন।
স্ক্রু-ড্রাইভারের নির্মম হামলা:
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 79B এবং DN18 রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। মধ্যমগ্রাম চৌমাথায় এসে DN18 রুটের বাসটি 79B বাসটিকে আটকায়। তখনই দুই বাসের চালক-কন্ডাক্টরের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়।
অভিযোগ ওঠে, DN18 বাসের কন্ডাকটর এবং বাস মালিকের ছেলে স্ক্রু-ড্রাইভার নিয়ে এসে 79B বাসের কর্মীদের উপর হামলা চালায়। তাঁরা চালকের পায়ে স্ক্রু-ড্রাইভার দিয়ে খোঁচা দেয় এবং বৃদ্ধ কন্ডাকটরের চোখের উপরে কপালে স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।
পুলিশের তৎপরতায় উদ্ধার ও আটক:
এই রোমহর্ষক ঘটনার খবর পেয়েই মধ্যমগ্রাম ট্রাফিকের কর্তব্যরত আধিকারিক সহ পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় মানুষ সহ যাত্রীরা এই দৃশ্য দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে DN18 বাসের কর্মীদের উপর এবং মারমুখী হয়ে ওঠে।
তাঁদের হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে মধ্যমগ্রাম থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ DN18 বাসের কন্ডাকটর ও মালিকের ছেলেকে আটক করে নিয়ে যায়। অন্যদিকে, গুরুতর আহত ও রক্তাক্ত বৃদ্ধ কন্ডাক্টরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘদিন ধরেই এই রুটে বাসের রেষারেষির ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। যাত্রীদের তরফে দ্রুত প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।





