ভোট দিতে পারবেন তো? ৬০ লক্ষ নামের জট নিয়ে তোলপাড় রাজ্য, নিষ্পত্তি মাত্র ৬ লক্ষের!

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে নজিরবিহীন ডামাডোল তৈরি হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, বিশেষ নিবিড় সংশোধনের পর রাজ্যে ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬.৪৪ কোটিতে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এখনও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাজুডিকেশন’ বা বিচারপ্রক্রিয়াধীন ক্যাটেগরিতে পড়ে রয়েছে। অর্থাৎ, এঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট করেছেন যে, এই ৬০ লক্ষ নাম বর্তমানে নির্বাচন কমিশনের এক্তিয়ারে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত ৫০১ জন জুডিশিয়াল অফিসার এই নামগুলো খতিয়ে দেখছেন। তিনি জানান, এখনও পর্যন্ত এই তালিকার মাত্র ৬ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। বাকি ৫৪ লক্ষের ভাগ্য এখনও ঝুলে। মনোজবাবু এদিন ইঙ্গিত দেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে যদি নামগুলি অনুমোদিত না হয়, তবে এই বিপুল সংখ্যক নাগরিক আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

ভোটার তালিকায় এই বিশাল সংখ্যক ‘বিচারাধীন’ নাম নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়েছে। সিইও-র দফতর থেকে জানানো হয়েছে, ইআরও (ERO) এবং এইআরও-দের (AERO) গাফিলতি বা তথ্যগত অসংগতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, যাদের নাম ভুলবশত বাদ পড়েছে, তাঁদের জন্য সম্পূরক তালিকায় নাম তোলার সুযোগ থাকছে। নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত এই আইনি স্ক্রুটিনি চলবে বলে কমিশন সূত্রে খবর।