ভোটের ২০ দিন আগে বড় ধামাকা! ৫২ লক্ষ বিচার্য ভোটারের ফয়সালা করল নির্বাচন কমিশন

রাজ্যে প্রথম দফার ভোটের মাত্র ২০ দিন আগে বিচারাধীন ভোটারদের অষ্টম তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় জানানো হয়েছে, প্রায় ৫২ লক্ষ মামলার নিষ্পত্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী চার দিনের মধ্যেই অবশিষ্ট ৮ লক্ষ নামের যাচাই প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছে কমিশন। অর্থাৎ, ৭ এপ্রিলের মধ্যেই মোট ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর সূত্রে খবর, এখন পর্যন্ত যাচাই করা নামের মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট, আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। ফলে ভোটার তালিকা ‘ফ্রিজ’ বা চূড়ান্ত করার আগেই এই বিশাল কর্মকাণ্ড শেষ করা জরুরি। উল্লেখ্য, মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার ঘটনার পর, এই যাচাইকরণের কাজে নিযুক্ত অফিসারদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যাঁদের নাম এই তালিকায় নেই, তাঁদের ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে, যদিও সেই প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy