শুভেন্দুর একসময়ের সঙ্গীই এখন ‘তৃণমূলের বাজি’! নন্দীগ্রামের পবিত্র করের সম্পত্তির খতিয়ান ফাঁস

নন্দীগ্রামের হাই-ভোল্টেজ লড়াইয়ে এবার শুভেন্দু অধিকারীর মুখোমুখি তাঁরই একসময়ের ছায়াসঙ্গী পবিত্র কর। নন্দীগ্রাম ‘পুনরুদ্ধার’-এর গুরুদায়িত্ব পাওয়া ৪৩ বছর বয়সী এই তৃণমূল প্রার্থী সম্প্রতি তাঁর মনোনয়ন পেশ করেছেন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, পেশায় মৎস্যচাষী পবিত্রের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তবে তাঁর ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ নজর কেড়েছে রাজনৈতিক মহলের।
হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে পবিত্রের আয় ছিল প্রায় ৫ লক্ষ টাকা। তাঁর কাছে নগদ ৫৪ হাজার টাকা থাকলেও, অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬ লক্ষ টাকার বেশি। তবে সম্পত্তির দৌড়ে স্বামীকে টেক্কা দিয়েছেন স্ত্রী শিউলি কর। তাঁর কাছে রয়েছে ৪০০ গ্রাম সোনার গয়না, যার বাজারমূল্য ৫৬ লক্ষ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে শিউলি দেবীর অস্থাবর সম্পত্তি ৭০ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। এছাড়া পবিত্রের নামে থাকা কৃষিজমির বর্তমান বাজারমূল্য ৭২ লক্ষ টাকারও বেশি। মজার বিষয় হলো, যে বাড়িতে তিনি থাকেন, সেটি তাঁর নিজের নামে নেই বলেই হলফনামায় দাবি করেছেন এই তৃণমূল প্রার্থী।