ভোটের মুখে পুরুলিয়ায় নগদ উদ্ধার! লেবার পেমেন্টের টাকা বাজেয়াপ্ত পুলিশের, জানেন কি ক্যাশ রাখার নিয়ম?

২০২৬ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য জুড়ে কড়া নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পুরুলিয়া-ধানবাদ জাতীয় সড়কের মাগুড়িয়া মোড়ের কাছে নাকা চেকিং চলাকালীন এক ব্যক্তির কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করল পুলিশ ও কমিশনের আধিকারিকরা।

কী ঘটেছিল মাগুড়িয়া মোড়ে? নির্বাচনী বিধি বলবৎ থাকায় এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যৌথ তল্লাশি চালাচ্ছিল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তল্লাশির সময় একটি চার চাকা গাড়ি থেকে অমর পান্ডে নামে এক ব্যক্তির কাছ থেকে এই নগদ অর্থ উদ্ধার হয়। বৈধ নথি বা সদুত্তর না মেলায় পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করেছে।

‘নিয়ম জানা ছিল না’, দাবি ঠিকাদারের আটক হওয়া ব্যক্তি অমর পান্ডে পেশায় একজন ঠিকাদার, তাঁর বাড়ি পুরুলিয়ার রুদ্র গ্রামে। টাকা উদ্ধারের পর তাঁর সাফাই:

“সাইটে কাজ চলছে, লেবারদের পেমেন্ট করতে হবে। পেট্রোল পাম্পের ধার মেটানোর কথা ছিল ৫০ হাজার টাকা। লেবারদের জন্য ছিল ২০ হাজার। তাঁদের তো আর অনলাইন অ্যাকাউন্ট নেই, তাই ক্যাশ নিয়ে যাচ্ছিলাম। আমি নিয়ম জানতাম না যে এত টাকা নিয়ে ঘোরা যাবে না।”

কমিশনের কড়া অবস্থান নাকা চেকিংয়ে উপস্থিত আধিকারিক অজয় সিং জানিয়েছেন, নির্বাচনী বিধি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ টাকা নিয়ে যাতায়াতের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। অমর পান্ডেকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও টাকাটি বাজেয়াপ্ত করা হয়েছে। সঠিক নথি দেখালে পরবর্তীকালে ওই টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

নির্বাচনী বিধি ও সতর্কতা রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। কালো টাকা বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রুখতেই এই নাকা চেকিং। উল্লেখ্য, নির্বাচনী বিধি চলাকালীন সঠিক নথি ছাড়া মোটা অঙ্কের নগদ টাকা বহন করা আইনত দণ্ডনীয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy