ভোটের মুখে কি ‘SIR’ তাসে বাজিমাত করবেন মমতা? জনমত সমীক্ষায় উঠে এল চমকে দেওয়া তথ্য

বাংলার রাজনীতিতে নজিরবিহীন ঘটনা! সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলার শুনানিতে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শীর্ষ আদালতে দাঁড়িয়ে তাঁর তীক্ষ্ণ যুক্তি ছিল— “পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে।” এমনকি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “নির্বাচন কমিশনের থেকে আমরা সুবিচার পাচ্ছি না।”

গত দু’দিন ধরে দিল্লির রাজপথ থেকে আদালতের এজলাস, সর্বত্রই এসআইআর আবহে মৃতদের পরিজনদের নিয়ে মুখ্যমন্ত্রীর সক্রিয়তা নজর কেড়েছে। তবে এই রাজনৈতিক ও আইনি লড়াই কি ভোটবাক্সে কোনও প্রভাব ফেলবে? এবিপি আনন্দ-এর সোশ্যাল মিডিয়া সমীক্ষায় উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। দেখা গেছে, ৭০% মানুষ মনে করছেন এই পদক্ষেপ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নির্বাচনী সুবিধা পাবেন না। মাত্র ২৮% মানুষ মনে করছেন এর ইতিবাচক প্রভাব পড়বে। ২% মানুষ কোনও মন্তব্য করেননি।

বিরোধীরা এই বিষয়টিকে স্রেফ ‘পলিটিক্যাল ড্রামা’ বলে কটাক্ষ করলেও, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এখন দেখার, আদালতের লড়াই শেষ পর্যন্ত বাংলার বিধানসভা নির্বাচনে কার পালের হাওয়া কাড়ে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy