. ডিএ লড়াইয়ে ঐতিহাসিক জয়! ৫ মার্চের মধ্যে ১০,০০০ কোটির বেশি টাকা মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা কোনো দয়া বা দান নয়, বরং এটি তাঁদের আইনি অধিকার। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ টাকা রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে।
এই রায়ের ফলে প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রায় ১০ লক্ষেরও বেশি কর্মচারী। এর মধ্যে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী, ৫ লক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং দেড় লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন। হিসাব অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র মোট অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৪১,৮৭১ কোটি টাকা। আদালতের নির্দেশ পালন করতে হলে রাজ্য সরকারকে আগামী মাসেই কোষাগার থেকে প্রায় ১০,৪৬৮ কোটি টাকা খরচ করতে হবে।
তবে এখানেই শেষ নয়। বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ কীভাবে এবং কতগুলি কিস্তিতে মেটানো হবে, তা নির্ধারণের জন্য সুপ্রিম কোর্ট একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। আদালত জানিয়েছে, ‘রোপা রুল’ (ROPA Rule) অনুযায়ী ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। রায়ের পূর্ণাঙ্গ প্রতিলিপি হাতে এলে পেমেন্টের সময়সীমা নিয়ে আরও স্বচ্ছতা আসবে। আপাতত বকেয়া টাকার একাংশ পাওয়ার খবরে খুশির হাওয়া কর্মচারী মহলে।