ভোটের ময়দানে বিরল সৌজন্য! ভেঙে পড়া গাছের তলায় বিজেপি কর্মী, প্রাণ বাঁচাতে ত্রাতা তৃণমূল

ভোট মানেই পেশিশক্তির আস্ফালন আর রাজনৈতিক হানাহানি—বীরভূমের চিরাচরিত এই ছবি বদলে গেল ২০২৬-এর প্রথম দফার নির্বাচনে। বৃহস্পতিবার সিউড়ি বিধানসভা এলাকার ১৩৫ ও ১৩৬ নম্বর বুথের সামনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘিরে তৈরি হলো রাজনৈতিক সৌজন্যের এক অনন্য নজির। ভোটকেন্দ্রের সামনে আচমকাই একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে চাপা পড়েন জিকো চট্টরাজ নামে এক বিজেপি কর্মী।
প্রত্যক্ষদর্শীদের মতে, জিকো যখন গাছের তলায় পিষ্ট হয়ে যন্ত্রণায় ছটফট করছেন, তখন কোনো রাজনৈতিক রং না দেখেই ছুটে আসেন সামনে থাকা তৃণমূল কর্মীরা। তড়িঘড়ি বিদ্যুৎ দফতরে খবর দিয়ে এলাকা বিদ্যুৎহীন করা হয় এবং জিকোকে উদ্ধার করে নিজেদের বাইকে চাপিয়েই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তৃণমূল কর্মীরা। এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কর্মী মানিক কর্মকার বলেন, “ভোট করার আগে মানুষ বাঁচানো ধর্ম। আমরা যতটা পেরেছি করেছি।” অন্যদিকে, বিজেপি কর্মী রাধাবল্লভ রায়ও এই বিপদের দিনে তৃণমূল কর্মীদের মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন।
বীরভূমের মতো সংবেদনশীল জেলায় যেখানে প্রায়ই শাসক-বিরোধী সংঘাতের খবর পাওয়া যায়, সেখানে এই সম্প্রীতির চিত্র এক নতুন বার্তা দিচ্ছে। উল্লেখ্য, এবারের প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গ জুড়ে রেকর্ড ৯২.৫২ শতাংশ ভোট পড়েছে, যা ২০১১ সালের ঐতিহাসিক পরিবর্তনের হারকেও ছাপিয়ে গিয়েছে। এই বিপুল ভোটদানের আবহে সিউড়ির এই ‘মানবিক ভোট’ রাজ্য রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।