রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই আজ, সোমবার (২ মার্চ) রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন কমিশন আধিকারিকরা।
প্রস্তুতি তুঙ্গে:
আজকের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলাশাসক এবং পুলিশ সুপাররা। মূল লক্ষ্য— স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা এবং কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের নীলনকশা তৈরি করা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে থানাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে আধা-সামরিক বাহিনী।
ভোটার তালিকায় বড় রদবদল:
প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তবে তাৎপর্যপূর্ণভাবে বাদ পড়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২টি নাম। যার মধ্যে খসড়া তালিকা থেকেই বাদ গিয়েছে ৫৮ লক্ষের বেশি নাম। বর্তমানে ৬০ লক্ষেরও বেশি আবেদন বিচারাধীন রয়েছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে বিচারবিভাগীয় আলোচনার পর চূড়ান্ত করা হবে। নতুন ভোটার হিসেবে ১ লক্ষ ৮২ হাজারের বেশি নাম নথিভুক্ত হয়েছে।