সামনেই ভোট। আর ভোটের দামামা বাজার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ। কোনো নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার চাপ হোক বা বুথে না যাওয়ার হুমকি— এবার আর চুপ করে বসে থাকবে না নির্বাচন কমিশন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিল কমিশন।
অভিযোগ জানানোর হাতিয়ার আপনার হাতে: এবার থেকে ভোটারেরা কোনো ভয় বা সঙ্কোচ ছাড়াই সরাসরি কমিশনের কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। এর জন্য চব্বিশ ঘণ্টার জন্য চালু করা হয়েছে বিশেষ ব্যবস্থা:
ন্যাশনাল টোল-ফ্রি নম্বর: ১৯৫০ (যেকোনো প্রান্ত থেকে)।
পশ্চিমবঙ্গের জন্য বিশেষ নম্বর: ১৮০০৩৪৫০০০৮।
ইমেল আইডি:
wbfreeandfairpolls@gmail.com
কীভাবে জানাবেন অভিযোগ? সোমবার থেকেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, আইন-শৃঙ্খলা জনিত যেকোনো সমস্যা, যেমন— হুমকি দেওয়া, মারধর করা বা ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটলে ছবি বা ভিডিও সহ ইমেল করা যাবে।
কমিশনের কড়া বার্তা: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, “আইন-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেব।”
ইতিমধ্যেই সাধারণ মানুষের মনের ভয় কাটাতে রাজ্যের বিভিন্ন জেলায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। যেকোনো ধরণের অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কমিশন। ভোটারদের নির্ভয়ে বুথমুখী করাই এখন প্রশাসনের পাখির চোখ।





