রাজ্যে ভোটের উত্তাপ বাড়তেই অশান্তি রুখতে নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এখন থেকে কমিশনের অনুমতি ছাড়া রাজ্যের কোথাও কোনো প্রকার সভা, মিছিল বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তবে তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে যেতে হলেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
গত মঙ্গলবার ফর্ম-৬ সংক্রান্ত ইস্যুতে সিইও অফিসের সামনে বিজেপি ও তৃণমূলপন্থী বিএলও-দের সংঘর্ষ এবং মালদহে বিচারকদের আটকে রাখার মতো ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এই ঘটনার প্রেক্ষিতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে বিএলও রক্ষা কমিটি মঞ্চের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কর্মীরা বিক্ষোভে জড়ালে সরাসরি সাসপেনশনের মুখে পড়বেন। আইনশৃঙ্খলা রক্ষায় কমিশনের এই ‘জিরো টলারেন্স’ নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





