ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও আপলোড না হওয়ায় তুলকালাম! কেন যান্ত্রিক ত্রুটির শিকার হলেন বিএলও?

কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায় এসআইআর (SIR)-এর ফর্ম আপলোড নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আপলোড ‘সাকসেসফুল’ না হওয়ার অভিযোগে স্থানীয় বিএলও (বুথ লেভেল অফিসার)-কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শুধু বিক্ষোভ নয়, উত্তেজনা চরমে উঠলে তাঁকে আটকে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে।

জানা গেছে, মাথাভাঙা এলাকার ২৪৩ ও ২৪৪ নম্বর বুথের ভোটার তালিকা থেকে আগে ৪২৫ জনের নাম উধাও হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় সেই উধাও হয়ে যাওয়া ৪২৫ জনেরই নাম যুক্ত করা হয়। বিএলও সেই নামগুলি অনলাইনে আপলোড করতে গেলে অ্যাপসে বারবার ‘সাকসেস’ না দেখানোয় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নাম আপলোড হচ্ছে না দেখেই তাঁরা উত্তেজিত হয়ে পড়েন এবং বিএলও-কে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন।

বিএলও-র আশ্বাস, কিন্তু জনতা মানেনি

বিএলও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন যে এটি যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে এবং কিছু সময় পরে আপলোড সম্পন্ন হয়ে যাবে। তিনি আরও আশ্বস্ত করেন যে ২৬ তারিখের পর এই সমস্যা মিটে যাবে। কিন্তু বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁর কথায় সন্তুষ্ট হননি।

এক গ্রামবাসী জানান, “সিরিয়াল নম্বরের ৪১৭ থেকে ৮৪৬ পর্যন্ত, কারোর নামই অ্যাপসে আপলোড হচ্ছে না। বিএলও স্যার বলছেন, ২৬ তারিখের মধ্যে ওই অ্যাপসে আপলোড হয়ে যাবে এবং ২৬ তারিখের পর থেকে স্ক্যানারের কাজ শুরু করতে পারবেন। মানুষ তাতে বিভ্রান্ত হচ্ছে।”

তবে স্থানীয়দের একাংশ জানান, এলাকার এক ব্যক্তি এই পরিস্থিতিকে ব্যবহার করে সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।