অবশেষে জল্পনার অবসান। দীর্ঘ টানাপোড়েনের পর এসআইআর (SIR) বা বিচারাধীন ভোটারদের প্রথম দফার তালিকা নিষ্পত্তি করল নির্বাচন কমিশন নিযুক্ত ট্রাইব্যুনাল। কমিশনের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। অন্যদিকে, ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন আবেদনকারীকে ‘যোগ্য’ বলে বিবেচনা করা হয়েছে, অর্থাৎ তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বাংলা থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। তবে কমিশনের রিপোর্ট বলছে, সব মিলিয়ে বাদ যাওয়া ভোটারের সংখ্যা প্রায় ৯১ লক্ষ (৯০,৮৩,৩৪৫)। ট্রাইব্যুনালের জুডিশিয়াল অফিসাররা প্রায় ৬০ লক্ষ অভিযোগের মধ্যে ৫৯ লক্ষের বেশি নিষ্পত্তি করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, নাম কাটার তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নথি অবৈধ বলে চিহ্নিত হয়েছে।
শতাংশের নিরিখে সবথেকে বড় ধাক্কা খেয়েছে নদীয়া জেলা। এখানে ২ লক্ষ ৮ হাজার ৬২৬ জন ভোটারের নথি বাতিল করা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং কোচবিহার জেলাতেও বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। কোচবিহারে বিবেচনাধীন থাকা আবেদনকারীদের ৪৫ শতাংশই অযোগ্য ঘোষিত হয়েছেন। তবে কমিশন জানিয়েছে, যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা চাইলে পুনরায় ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন।





