আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ভোটার তালিকাকে সম্পূর্ণ নির্ভুল এবং স্বচ্ছ করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। মূলত ASD অর্থাৎ Absent (অনুপস্থিত), Shifted (স্থানান্তরিত) এবং Dead (মৃত) ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে একটি বাস্তবসম্মত বা ‘রিয়েল টাইম’ তালিকা তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং জেলাশাসকদের এই মর্মে জরুরি চিঠি পাঠানো হয়েছে।
ASD তালিকা ও পোর্টাল আপডেট
কমিশনের নির্দেশে জানানো হয়েছে, বুথ লেভেল অফিসাররা (BLO) যখন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ‘ভোটার ইনফরমেশন স্লিপ’ (VIS) বিলি করবেন, তখনই তাঁদের সতর্ক থাকতে হবে। যদি কোনো ভোটারকে মৃত, অনুপস্থিত বা অন্য কোথাও স্থায়ীভাবে স্থানান্তরিত হিসেবে চিহ্নিত করা হয়, তবে তাঁদের নিয়ে একটি পৃথক ‘ASD তালিকা’ তৈরি করতে হবে। এই তালিকাটি আগামী ১৬ মে-র মধ্যে নির্দিষ্ট পোর্টালে আপলোড করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নাম কাটার কঠোর নিয়ম: ফর্ম-৭ বাধ্যতামূলক
ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কারো নাম যাতে তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে কড়া অবস্থান নিয়েছে কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, ইচ্ছেমতো কারো নাম কাটা যাবে না। কোনো নাম বাদ দিতে হলে এখন থেকে ‘ফর্ম-৭’ (Form-7) পূরণ করা বাধ্যতামূলক। পরিবারের দেওয়া ডেথ সার্টিফিকেট অথবা বিএলও-দের সরেজমিন তদন্ত রিপোর্টের ভিত্তিতেই কেবল এই ফর্ম পূরণ করে নাম বাদ দেওয়া যাবে।
স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে স্পিড পোস্ট ও নোটিশ
যদি কোনো ভোটার স্থায়ীভাবে অন্য জায়গায় চলে যান, তবে কমিশন সরাসরি তাঁর নাম কাটবে না। ওই ব্যক্তির ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে নোটিশ পাঠিয়ে ১৫ দিনের সময় দেওয়া হবে। যদি নির্দিষ্ট সময়ে কোনো উত্তর না পাওয়া যায় এবং বিএলও তদন্তে সেই ব্যক্তিকে না পান, তবেই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এছাড়া, একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকলে তাঁকে নোটিশ পাঠিয়ে পছন্দ জানতে চাওয়া হবে।
ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) ও ভোটের নথি
এবার ভোটারদের পুরনো ফটো স্লিপের বদলে দেওয়া হচ্ছে নতুন কিউআর কোড (QR Code) যুক্ত ভোটার ইনফরমেশন স্লিপ। তবে মনে রাখতে হবে, এটি ভোটকেন্দ্রে পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না। ভোট দেওয়ার জন্য ভোটারদের অবশ্যই সচিত্র পরিচয়পত্র (EPIC) অথবা কমিশন নির্ধারিত অন্য ১২টি বিকল্প নথির (যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি) যেকোনো একটি সঙ্গে রাখতে হবে।





