ভেসে যাবে দক্ষিণবঙ্গ! প্রবল বৃষ্টির জেরে জারি লাল সতর্কতা, বড় বিপদে পড়তে চলেছে কোন কোন জেলা?

বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বর্ষণে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপে এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা বিকানের থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত থাকায় রাজ্যে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর জেরে বৃহস্পতিবার চরম বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। এই দুই জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে উপকূল ও পশ্চিমের বেশ কিছু জেলায়, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি। কলকাতা সহ সংলগ্ন শহরতলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। পরিস্থিতি সামাল দিতে আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সমুদ্র উত্তাল থাকবে এবং ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবারও দুর্যোগের হাত থেকে নিস্তার নেই। ওইদিন পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে আগামী শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবারের দিকে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে, যেখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং বাকি ওপরের জেলাগুলিতে হলুদ সতর্কতা বহাল থাকবে। কলকাতায় আগামী শুক্রবার পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শনিবার থেকে কমতে শুরু করবে।