ভেসে যাবেন বাতাসে! ভারতীয় রেলের দীর্ঘতম ব্রিজের উদ্বোধন কবে জেনেনিন? বিমানযাত্রার মতো হবে অভিজ্ঞতা

ভারতের বুকে একের পর এক অনন্য কীর্তি স্থাপন করে চলেছে ভারতীয় রেল। এবার দেশের দীর্ঘতম এলিভেটেড গ্রেড সেপারেটর বা উড়াল রেলসেতু তৈরি করে নতুন রেকর্ড গড়ল তারা। মধ্যপ্রদেশের কাটনি জংশনে নির্মিত এই ১৫.৮৫ কিলোমিটার দীর্ঘ সেতুতে ভ্রমণের সময় যাত্রীরা পাবেন আকাশে ভেসে যাওয়ার মতো এক ভিন্ন অভিজ্ঞতা। ইতিমধ্যেই এটি রেলওয়ে সেফটি কমিশনারের (CRS) অনুমোদন পেয়ে গেছে এবং শীঘ্রই এর উদ্বোধন করা হবে।
প্রকল্পের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য
প্রধানমন্ত্রী গতি শক্তির অধীনে নির্মিত এই প্রকল্পের উপরের অংশে একটি এক-ট্র্যাক পিলারের ওপর এই এলিভেটেড গ্রেড সেপারেটরটি তৈরি করা হয়েছে, যা ২০২০ সালে শুরু হয়ে ২০২৫ সালে শেষ হয়েছে। এর নির্মাণ ব্যয় প্রায় ৫৮০ কোটি টাকা। এই উড়াল সেতুটি তৈরি করা হয়েছে মূলত নিউ কাটনি ইয়ার্ডের যানজট কমানোর জন্য, যা দেশের অন্যতম বৃহত্তম ইয়ার্ড। আগে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচলের কারণে এখানে ট্রেনের সময়ানুবর্তিতা ব্যাহত হত। এই সেতু চালু হলে সিংরাউলি এবং বিলাসপুর থেকে আসা ট্রেনগুলোকে নিউ কাটনি এবং কাটনি মুদোয়ারা জংশনে আর থামতে হবে না।
উপকারিতা: এই এলিভেটেড গ্রেড সেপারেটরটি চালু হলে কোটা এবং বিনা অভিমুখী ট্রেনগুলোর সময় বাঁচবে। এটি পশ্চিম মধ্য রেলওয়ে এবং দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ জোনের পরিচালন ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। এছাড়াও, যানজটমুক্ত পথে দ্রুত কয়লা পরিবহন করা যাবে, যা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সময়মতো কয়লা সরবরাহ নিশ্চিত করবে।
নির্মাণশৈলী: এই সেতু নির্মাণে ১৫,০০০ টন ইস্পাত এবং ১.৫০ লক্ষ ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে চারটি আর.ও.আর (রেল ওভার রেল ব্রিজ) তৈরি করা হয়েছে, যার মধ্যে দীর্ঘতম স্প্যানটি ৯১.৪০ মিটার।