ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ-কলকাতা! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯, ফিরে এল ২০১১ সালের দুঃসহ স্মৃতি

রবিবার বিকেলে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। কম্পনের মাত্রা এতটাই ছিল যে, তার প্রভাব অনুভূত হয়েছে কলকাতাসহ রাজ্যের অন্যান্য জেলা এবং প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎসস্থল ছিল অসমের ঢেকুয়াঝুলি।
কম্পন অনুভূত হয় বিকেল ৪টে বেজে ৪১ মিনিটে। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সিলিং ফ্যানও দুলতে থাকে। শিলিগুড়ির বিভিন্ন ভিডিওতে এমন দৃশ্য ধরা পড়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদাতেও কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ মাটি কেঁপে ওঠায় অনেকে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
এই ভূমিকম্প উত্তরবঙ্গের মানুষের মনে ২০১১ সালের ১৮ সেপ্টেম্বরের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে। সেই বছর সিকিমে হওয়া ভূমিকম্পে শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ঘটনার পর আজ আবার মাটি কেঁপে ওঠায় অনেকেই শাঁখ বাজিয়ে প্রার্থনা শুরু করেন।
কোচবিহারের এক স্থানীয় বাসিন্দা জানান, “আমি বাইরে ছিলাম, দেখলাম রাস্তার বাতিস্তম্ভগুলো কাঁপছে। প্রায় তিন-চার সেকেন্ড কম্পন ছিল। ঘরের ভেতরে থাকলে আরও ভালোভাবে টের পেতাম।”
ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এর তীব্রতা বৃদ্ধির একটি অন্যতম কারণ। এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, হিমালয় পার্বত্য অঞ্চলে ঘন ঘন এই ধরনের কম্পন বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।