‘ভুল ছবি বেছে কেরিয়ার নষ্ট করেছি’, বিস্ফোরক ববি দেওল

‘অ্যানিম্যাল’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের পর অভিনেতা ববি দেওল এখন আলোচনায়। সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপের ছবি ‘বান্দর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর তিনি একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ার নিয়ে অকপট মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে ববি বলেন, “আজ আমি আরও বেশি সাহসী এবং নির্ভীক। পুরোনো ইমেজ ভেঙে বেরিয়ে আসতে পেরেছি। এর জন্য ওয়েব সিরিজগুলো খুবই সহায়ক ছিল।” তিনি জানান, যখন তার কাছে কোনো কাজ ছিল না, তখন তিনি অভিনয়ের ক্লাস করতেন। “আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, কেন আমার কেরিয়ারের শুরুটা ভালো হয়েছিল? কারণ মানুষ আমার মধ্যে কিছু একটা দেখেছিল। কিন্তু আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়।”

ববি আরও বলেন, তিনি নিজের প্রতি বিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি আরও বেশি শৃঙ্খলাপরায়ণ হওয়ার চেষ্টা করেছেন। তিনি মনে করেন, শৃঙ্খলাবদ্ধ থাকলে চাপ অনুভব না করে কাজের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া যায়।

অভিনেতা আরও বলেন, “এই ইন্ডাস্ট্রিতে শিল্পীদের টাইপকাস্ট করা হয়। সেই ছাঁচ ভাঙা কঠিন। কিন্তু ওটিটি আমাকে সেই সুযোগ দিয়েছে। একজন ভিলেনের চরিত্রে অভিনয় করে যে প্রশংসা পাব, তা আমি কখনো ভাবিনি। তবে, ‘আশ্রম’ বা ‘অ্যানিম্যাল’-এর মতো প্রতিটি ভিলেনের চরিত্রই আলাদা হতে হবে।”

শীঘ্রই ববিকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত ‘দ্য বা… অফ বলিউড’ ছবিতে দেখা যাবে। এছাড়াও তিনি অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ ছবিতে অভিনয় করেছেন।