ভুয়ো UPSC সফল পূজা খেড়করের বিরুদ্ধে এবার ট্রাকচালক অপহরণের অভিযোগ, গ্রেফতারের সম্ভাবনা?

গত বছর ইউপিএসসি পরীক্ষায় জালিয়াতির অভিযোগের পর এবার আবারও খবরের শিরোনামে এসেছেন বিতর্কিত পূজা খেড়কর। এবার তাঁর বিরুদ্ধে এক ট্রাকচালককে অপহরণের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে পুলিশ তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকে পাঠিয়েছে।

ঘটনার সূত্রপাত হয় মুম্বাইয়ের এয়ারোলি সিগন্যালে, যখন একটি মিক্সার ট্রাক এবং একটি গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই ওই ট্রাকচালক নিখোঁজ ছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ট্রাকচালককে পুণের চতুশ্রিংগী এলাকায় পূজা খেড়করের বাড়িতে আটকে রাখা হয়েছে। পুলিশ সেখানে পৌঁছালে পূজার মা প্রথমে দরজা খুলতে রাজি হননি এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গাড়ির দুজন ব্যক্তি ট্রাকচালক প্রহ্লাদ কুমারকে জোর করে তাদের গাড়িতে তুলে নেয় এবং সোজা তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাকে আটকে রাখা হয়েছিল। পরে পুলিশ সেখান থেকে প্রহ্লাদ কুমারকে উদ্ধার করে।

প্রসঙ্গত, গত বছর পূজা খেড়কর ইউপিএসসি পরীক্ষায় ভুয়ো ওবিসি এবং শারীরিক অক্ষমতার কোটা ব্যবহার করে উত্তীর্ণ হয়েছিলেন। এই জালিয়াতি সামনে আসার পর ইউপিএসসি কমিশন তার চাকরি বাতিল করে দেয় এবং আজীবনের জন্য তাকে পরীক্ষায় বসা থেকে নিষিদ্ধ করে। এরপর থেকেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। জালিয়াতির পাশাপাশি তার মায়ের বিরুদ্ধেও অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে। এবার অপহরণের ঘটনায় পূজা ও তার মায়ের নাম জড়ানোয় পুলিশ কড়া পদক্ষেপ নিতে পারে।