ভুয়ো থানার তদন্তে নয়ডা পুলিশ কলকাতায়! তালা ভেঙে বিভাস অধিকারীর ফ্ল্যাটে প্রবেশ, নতুন কী তথ্য সামনে এলো?

নিয়োগ দুর্নীতির পর এবার ভুয়ো থানার অভিযোগে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে নয়ডা পুলিশ। বুধবার নয়ডা পুলিশের একটি দল কলকাতায় এসে বেলেঘাটার একটি ফ্ল্যাটে তল্লাশি চালানোর চেষ্টা করে। প্রাথমিকভাবে ফ্ল্যাটের চাবি না থাকায় তারা ভিতরে প্রবেশ করতে পারছিল না, তাই তালা ভেঙে প্রবেশ করার জন্য শিয়ালদহ কোর্টের কাছে অনুমতি চেয়ে আবেদন করে।

নয়ডা পুলিশের দাবি, তাদের কাছে বিভাস অধিকারীর অফিসে তল্লাশি চালানোর জন্য নয়ডা আদালতের অনুমতি রয়েছে। কিন্তু স্থানীয় বেলেঘাটা থানার পুলিশ জানায়, তালা ভেঙে প্রবেশ করতে হলে শিয়ালদহ কোর্টের অনুমতি প্রয়োজন। এই পরিস্থিতিতে শিয়ালদহ কোর্টের এসিজেএম মৌখিকভাবে জানান যে, তালা ভাঙার জন্য আদালতের কোনো অনুমতির প্রয়োজন নেই, যদি পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট থাকে, তাহলে তারা নিজেরাই তল্লাশি চালাতে পারে।

বিভাস অধিকারীর বিরুদ্ধে অভিযোগ

উল্লেখ্য, বিভাস অধিকারী বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন। পরে ভুয়ো থানা খোলার অভিযোগে তাকে আবারও গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার ছেলে অর্ঘ্য অধিকারীও গ্রেফতার হয়েছেন।

নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকেই বিভাস অধিকারীর নাম উঠে আসে। এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর তদন্তকারীরা বিভাসের বিষয়ে আরও তথ্য পান। এবার ভুয়ো থানার তদন্তে নয়ডা পুলিশের কলকাতা সফর এই মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় আরও নতুন কোনো তথ্য সামনে আসে কি না, তা এখন দেখার বিষয়।