টোকিওতে নীরজ চোপড়ার ঐতিহাসিক জয়! প্রথম থ্রো-তেই বাজিমাত করে ফাইনালে, অপেক্ষা এবার সোনার

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পদকের আশা আবারও দেশের অলিম্পিক তারকা নীরজ চোপড়ার দিকে। বুধবার টোকিওতে পুরুষদের জ্যাভলিন-থ্রো ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে প্রথম থ্রো-তেই ৮৪.৮৫ মিটার দূরত্ব অতিক্রম করে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন নীরজ। ফাইনালে ওঠার জন্য নির্ধারিত মাপকাঠি ছিল ৮৪.৫০ মিটার, যা তিনি প্রথম প্রচেষ্টাতেই টপকে যান।

নজির গড়ার হাতছানি

২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর এবার টোকিওতে নীরজের সামনে রয়েছে এক ঐতিহাসিক নজির গড়ার সুযোগ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে মাত্র দুজন অ্যাথলিট পুরুষদের জ্যাভলিন-থ্রো ইভেন্টে তাদের খেতাব ধরে রাখতে পেরেছেন। একজন হলেন নীরজের বর্তমান প্রশিক্ষক, চেক প্রজাতন্ত্রের জান জেলেনজি (১৯৯৩ ও ১৯৯৫)। আরেকজন হলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (২০১৯ ও ২০২২)। এবার নীরজের সামনে সেই বিরল তালিকায় নিজের নাম যুক্ত করার সুযোগ।

ফাইনালে অন্য প্রতিযোগীরা

নীরজ চোপড়া ছাড়াও জার্মানির জুলিয়ান ওয়েবার এবং ডেভিড ওয়েগনারও গ্রুপ-এ থেকে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছেন। ওয়েবার ৮৭.২১ মিটার এবং ওয়েগনার ৮৫.৬৭ মিটার দূরত্ব ছুঁড়েছেন। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ ৮৮.৭৭ মিটার ছুঁয়ে সোনা জিতেছিলেন। তার আগে ২০২২ সালে ইউগেনে তিনি রুপো জিতেছিলেন।

কবে এবং কখন ফাইনাল?

পুরুষদের জ্যাভলিন-থ্রো ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল, বৃহস্পতিবার। টোকিওর জাপান ন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে ৫৩ মিনিটে খেলা শুরু হবে।

কোথায় দেখা যাবে খেলা?

ফাইনালের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কের স্টার স্পোর্টস সিলেক্ট ১, সিলেক্ট ১ এইচডি, সিলেক্ট ২, সিলেক্ট ২ এইচডি চ্যানেলে দেখা যাবে। এছাড়াও, জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে।