‘জাগো দুর্গা’, মহালয়ার ভোরে শহরের বুকে লাইভ অনুষ্ঠান, ফিরছেন আরতি মুখোপাধ্যায়, কেন এই উদ্যোগ?

মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’ শোনার পর এবার শহরবাসী এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে। ঐতিহ্যবাহী এই দিনে প্রথমবারের মতো কলকাতার বুকে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের উদ্যোগে মহাজাতি সদনে আগামী ২১ সেপ্টেম্বর, বিকেল ৫:৩০ মিনিট থেকে শুরু হবে ‘জাগো দুর্গা’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ, প্রায় উনিশ বছর পর মঞ্চে গান গাইবেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। বাংলা আধুনিক গান থেকে শুরু করে ছায়াছবির গান, তার কণ্ঠ আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন। ‘যদি আকাশ হত আঁখি’, ‘এই মোম জোছনায়’, ‘আমি মিস ক্যালকাটা’ এবং ‘দো নয়না অউর এক কাহানি’—তার কালজয়ী গানগুলো আজও সমান জনপ্রিয়। আরতি মুখোপাধ্যায় বলেন, “এই শহর আমার প্রাণের শহর, গানের শহর। মহালয়ার পুণ্য দিনে গান গাইতে আসছি, সত্যি খুব ভালো লাগছে।” তবে তিনি সেদিন কোন গান গাইবেন, তা দর্শকদের জন্য চমক হিসেবেই রাখা হয়েছে।

অনুষ্ঠানে থাকছে আরও অনেক চমক। একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কবীর সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী-এর মতো জনপ্রিয় শিল্পীরা। কবীর সুমন জানিয়েছেন, তিনি তার নিজের তৈরি বাংলা গান গাইবেন। এছাড়াও, বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু এবং মৌনীতা চট্টোপাধ্যায়ও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

‘জাগো দুর্গা’ শীর্ষক এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করছেন বাবুতাই ঘোষ। এই উদ্যোগটি কলকাতার দুর্গাপূজার ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।