ভারত-চীন সম্পর্ক নতুন মোড়, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরে কৃষকদের জন্য বড় সুখবর

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে ভারত ও চীনের সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ভারত সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে ভারতের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, চীন যে তিনটি জিনিসের রপ্তানি পুনরায় শুরু করতে রাজি হয়েছে, তার মধ্যে রয়েছে সার, খনিজ পদার্থ এবং সুড়ঙ্গ খোঁড়ার বোরিং যন্ত্র। অতীতে এসব পণ্যের রপ্তানি বন্ধ থাকায় ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন। বিশেষ করে রবিশস্য উৎপাদনের জন্য অপরিহার্য ডি-অ্যামোনিয়া ফসফেট সার না পাওয়ায় কৃষকরা সমস্যায় পড়েছিলেন। অন্যদিকে, সুড়ঙ্গ খোঁড়ার যন্ত্র না থাকায় বিভিন্ন বড় নির্মাণ ও মেট্রো প্রকল্পের কাজও বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে শি জিনপিং সরকার এই রপ্তানি পুনরায় শুরু করতে রাজি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত অতিরিক্ত শুল্কের বোঝা বহন করছে। অন্যদিকে, চীনও একই কারণে তেল আমদানি করলেও এখনো তাদের ওপর কোনো শুল্ক আরোপ করা হয়নি। এই পরিস্থিতিতে নিজেদের মধ্যেকার দ্বিপাক্ষিক দ্বন্দ্ব ভুলে চীন ও ভারত নিজেদের সম্পর্ক ঠিক করে নিতে চাইছে বলে মনে করা হচ্ছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়েও আলোচনা হয়েছে। তবে, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হিসেবে সীমান্ত শান্তি ও স্থিতাবস্থাকেই গুরুত্ব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াং ই তার ভারত সফরে এস জয়শঙ্করের পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন। মঙ্গলবার তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।